বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ - ০৯:৩২
ইরানের সহযোগিতায় শক্তিশালী হয়েছে লেবাননের প্রতিরোধ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পরাজিত করা সম্ভব: নাঈম কাসেম

ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করতে ইরানের সহযোগিতার প্রশংসা করেছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী আগ্রাসীদের পরাজিত করতে সক্ষম।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার (১১ নভেম্বর) শহীদ দিবস উপলক্ষে হিজবুল্লাহর আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন শেখ নাঈম কাসেম। এ সময় তিনি বলেন, শহীদ দিবস নিখোঁজ ও আহত ব্যক্তিদের, শহীদদের পরিবার এবং হিজবুল্লাহর সংগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট সবার দিন। হিজবুল্লাহর এই সংগ্রামকে শুরু থেকেই সমগ্র জাতির মুক্তির সংগ্রাম হিসেবে বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, লেবানন ও এ অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। এটি আরও বৃহত্তর ও বিপজ্জনক একটি পরিকল্পনার অংশ। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠায় ব্রিটেনের ভূমিকার মধ্য দিয়ে এই দখলদারিত্বের প্রকল্পের সূচনা হয়। শুরু থেকেই এর লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের নির্মূল, বাস্তুচ্যুত করা এবং ফিলিস্তিনের অবকাঠামো ধ্বংস করা।

তিনি আরও বলেন, গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চললেও বিশ্ব নীরব রয়েছে। বড় শক্তিগুলো এবং জাতিসংঘ এই প্রকাশ্য অপরাধের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

লেবাননের সংকট প্রসঙ্গে হিজবুল্লাহর মহাসচিব বলেন, কেউ কেউ মনে করেন, সমর্থনযুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অংশগ্রহণই লেবাননের সংকটের কারণ। কিন্তু প্রকৃত সমস্যা হলো ইসরায়েলি দখলদারিত্ব। ইসরায়েল আগে থেকেই লেবাননের ভূখণ্ড দখল করে রেখেছে এবং আরও সম্প্রসারণের চেষ্টা করছে। লেবাননে চলমান পরিস্থিতির জন্য প্রতিরোধের সমর্থন ফ্রন্ট দায়ী নয়; বরং প্রতিরোধ হলো আগ্রাসনের বিরুদ্ধে জবাব, মোকাবিলা এবং মুক্তির মাধ্যম।

তিনি বলেন, এই গুরুতর হুমকির মুখে আগ্রাসন মোকাবিলায় সেনাবাহিনী, জনগণ, প্রতিরোধ আন্দোলন এবং অঞ্চলজুড়ে অস্ত্র ধারণে সক্ষম সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন।

প্রতিরোধের বিভিন্ন ফ্রন্টের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, এর অর্থ হলো দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের বিতাড়িত করতে পারস্পরিক সহযোগিতা। অথচ যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে তার আগ্রাসী জোটে যোগ দিতে চাপ দিচ্ছে।

তিনি আরও বলেন, লেবাননে নিজেদের ভূখণ্ড রক্ষা, সার্বভৌমত্ব সুরক্ষিত রাখা এবং শত্রুদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেখ নাঈম কাসেম বলেন, ইসরায়েল লেবাননের সামরিক সক্ষমতা দুর্বল করে দেশটির ভূখণ্ড দখল এবং সেখানে বসতি স্থাপন করতে চায়। অথচ কেউ কেউ দখলদারিত্ব মেনে নিতে রাজি হলেও প্রতিরোধ আন্দোলনকে প্রত্যাখ্যান করেন।

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে সামরিকভাবে মোকাবিলার জন্য লেবাননের রাষ্ট্রকে সেনাবাহিনীকে প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতা দিতে হবে। পাশাপাশি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধে জনগণকে সেনাবাহিনীর সহযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

হিজবুল্লাহর মহাসচিব লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসন চলাকালে অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা বন্ধ করতে হবে। কারণ, এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি।

কাঠামো চুক্তির দুটি প্রধান ত্রুটি তুলে ধরে তিনি বলেন, প্রথমত, লেবাননের জন্য কোনো অর্জন নিশ্চিত না করেই ইসরায়েলের জন্য আলোচনার সুযোগ তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, কোনো বিনিময় ছাড়াই আলোচনা শুরুর আগেই ছাড় দেওয়া হচ্ছে।

বক্তব্যের শেষ পর্যায়ে শেখ নাঈম কাসেম বলেন, নির্বাচনে ট্রাম্প চরম পরাজয়ের মুখে পড়েছেন এবং নেতানিয়াহুও পরাজিত হয়েছেন। তাদের এই পরিণতির পেছনে ইরান, অঞ্চলজুড়ে প্রতিরোধ আন্দোলন এবং বিশ্বের স্বাধীনতাকামী জনগণের ভূমিকা রয়েছে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি (MNA), আল-মানার টিভি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha